ইতালি সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে বিশেষ উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি মেলোনির হাতে তুলে দেন জনপ্রিয় ‘মেলোডি’ চকলেটের একটি প্যাকেট, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বুধবার রোমে দুই নেতার বৈঠকের পর মেলোনি তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি হাসিমুখে মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘মেলোডি’ নামের একটি মজার উপহার পেয়েছেন।
মূলত মোদি ও মেলোনির নামের মিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ‘মেলোডি’ নামে একটি ট্রেন্ড চালু ছিল। সেই আলোচিত বিষয়কে ঘিরেই মোদির এই ব্যতিক্রমী উপহার বলে মনে করছেন অনেকে।
এর আগে ইতালির প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে মোদিকে স্বাগত জানিয়ে একটি ছবিও পোস্ট করেন। সেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেন।
সফরের অংশ হিসেবে দুই নেতা নৈশভোজে অংশ নেন এবং রোমের ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। পরে মোদিও সামাজিক মাধ্যমে সফরের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান।
এদিকে ‘মেলোডি’ চকলেট নিয়ে ভাইরাল হওয়া ভিডিওর প্রভাব পড়ে ভারতের শেয়ারবাজারেও। অনেক বিনিয়োগকারী চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান খুঁজতে গিয়ে বিভ্রান্তিতে অন্য একটি কোম্পানির শেয়ার কেনা শুরু করেন।
জানা যায়, জনপ্রিয় ‘মেলোডি’ টফি তৈরি করে পার্লে প্রোডাক্টস। তবে অনেকেই ভুল করে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ নামের ভিন্ন একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনে ফেলেন, যাদের ব্যবসা মূলত অবকাঠামো ও রিয়েল এস্টেট খাতে।
এই ঘটনার পর অল্প সময়ের মধ্যেই ওই কোম্পানির শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়, যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো নতুন ব্যবসায়িক ঘোষণা দেওয়া হয়নি।
এসআর