যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের সর্ববৃহৎ মসজিদে ২ কিশোরের বন্দুক হামলায় এক নিরাপত্তাকর্মীসহ ৩ জন নিহত হয়েছেন। মেক্সিকো সীমান্ত ঘেঁষা এই স্যান ডিয়েগো ইসলামিক সেন্টারের মসজিদটিতে গত
সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি মূলত একটি ইসলামি স্কুল হিসেবে পরিচালিত হয় এবং হামলার সময় সেখানে নিয়মিত ক্লাস চললেও কোনো শিশু হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৭ ও ১৯ বছর বয়সী দুই কিশোরের মরদেহ মসজিদ থেকে কিছুটা দূরে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে পুলিশের ধারণা, হামলার পর তারা নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে।
আসন্ন ঈদুল আজহার আগে ঘটে যাওয়া এই নৃশংস হামলার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে এটিকে মুসলিমবিদ্বেষী বা ঘৃণাজনিত অপরাধ বলে ধারণা করছে প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় পুলিশ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সহযোগিতা নিয়ে তদন্ত শুরু করেছে। এই নজিরবিহীন ট্র্যাজেডিতে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন মসজিদের ইমাম তাহা হাসান।
এসআর