[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান ইস্যুতে বিশেষ সামরিক সমঝোতার গুঞ্জন

গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৭:৩৯ এএম

সংগৃহীত ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান সংকটের মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন বলে জানিয়েছে তার দপ্তর, যদিও ইউএই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

 রয়টার্সের তথ্যমতে, গত ২৬ মার্চ ওমান সীমান্তবর্তী আল আইন শহরে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘ বৈঠক সম্পন্ন হয়েছে এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াও সামরিক সমন্বয়ের লক্ষ্যে একাধিকবার দেশটি সফর করেছেন।

এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নিশ্চিত করেছেন যে, ইসরাইল ইউএই-তে আয়রন ডোম প্রযুক্তি ও সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে যা দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের বহিঃপ্রকাশ।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, ইউএই গোপনে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালিয়েছে যা মূলত ইরানের আগের আক্রমণের প্রতিশোধ ছিল। ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার পর অন্যান্য দেশের তুলনায় ইউএই ইসরাইলের সঙ্গে সম্পর্ককে অনেক বেশি উচ্চতায় নিয়ে গেছে, এমনকি তারা সম্প্রতি ওপেক জোট থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে।

তবে এই দুই রাষ্ট্রই বর্তমানে আন্তর্জাতিকভাবে বির্তকিত; গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, অন্যদিকে সুদানে আধাসামরিক বাহিনীকে অস্ত্র সহায়তার অভিযোগে অভিযুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এসআর

সম্পর্কিত খবর