ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চত্বর। সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জী গণনাকেন্দ্রে
পৌঁছালে তাকে লক্ষ্য করে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা।
স্লোগান ও বিক্ষোভ: দুপুর সাড়ে ৩টা নাগাদ মমতা ব্যানার্জী গণনাকেন্দ্রে পৌঁছালে সেখানে আগে থেকে জমায়েত হওয়া বিজেপি কর্মীরা তীব্র বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়।
সংঘর্ষ ও ভাঙচুর: মমতা পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই ওই এলাকায় উত্তেজনা ছিল। অভিযোগ উঠেছে, গণনাকেন্দ্রের অদূরে তৃণমূল কর্মীদের বসার একটি অস্থায়ী ক্যাম্পের চেয়ার ভাঙচুর করেন বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গেও দফায় দফায় বিজেপি কর্মীদের তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়।
নিরাপত্তা জোরদার: পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গণনাকেন্দ্র চত্বরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ উত্তেজিত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে এলাকাটি কর্ডন করে রাখে।
ভবানীপুর আসনে এবারের লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ২০ রাউন্ড গণনার মধ্যে ১২ রাউন্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। গণনার শুরুতে কখনো মমতা আবার কখনো শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছিলেন। কয়েক রাউন্ডে মমতা ব্যবধান বাড়ালেও পরের দিকে শুভেন্দু সেই ব্যবধান কমিয়ে আনছেন।
শেষ রাউন্ডের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল নিয়ে কৌতুহল তুঙ্গে। রাজনৈতিক মহলের নজর এখন ভবানীপুরের চূড়ান্ত ফলাফলের দিকে।
এসআর