দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে জয় পেয়েছে ভারতীয় জনপাক্ষিক দল (বিজেপি)। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে এই ঐতিহাসিক জয়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী?
কেন্দ্রীয় নেতৃত্ব একজন শক্তিশালী এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাকে বেছে নিতে চায়, যেখানে চমক হিসেবে কোনো নারী নেত্রীর নামও উঠে আসতে পারে।
নির্বাচনী প্রতিশ্রুতি ও ব্র্যান্ড মোদি
নির্বাচনী প্রচারণায় অমিত শাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বাংলার মুখ্যমন্ত্রী হবেন একজন 'ভূমিপুত্র' বা খাঁটি বাঙালি। অন্যদিকে, সুকান্ত মজুমদার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হবেন একজন 'আমিষভোজী', যা তৃণমূলের প্রচারণার পাল্টা জবাব হিসেবে দেখা হয়েছিল। এবারের নির্বাচনে নরেন্দ্র মোদি নিজেই ছিলেন প্রধান মুখ। ২০টিরও বেশি জনসভা, কালী মন্দিরে পূজা এবং বাঙালির আবেগ ছুয়ে যাওয়া প্রচারণার মাধ্যমে 'ব্র্যান্ড মোদি'র ওপরই ভরসা রেখেছে জনতা।
আলোচনায় নারী নেতৃত্ব
নারী নিরাপত্তাকে প্রধান ইস্যু করায় বিজেপি তাদের 'নারী-বান্ধব' ভাবমূর্তি তুলে ধরতে একজন নারী মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে বলে গুঞ্জন রয়েছে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন:
অগ্নিমিত্র পাল: আসানসোল দক্ষিণের বিধায়ক এবং লড়াকু নেত্রী হিসেবে পরিচিত।
রূপা গাঙ্গুলী: জনপ্রিয় অভিনেত্রী এবং সাবেক রাজ্যসভা সাংসদ, যার শহুরে ও প্রান্তিক উভয় ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে।
শীর্ষ তিন পুরুষ দাবিদার
বিজেপির সাংগঠনিক কাঠামো এবং তৃণমূল স্তরে প্রভাবের বিচারে আরও কয়েকজনের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে:
শুভেন্দু অধিকারী: মেদিনীপুরের প্রভাবশালী নেতা এবং মমতার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও শক্ত লড়াই দিয়ে তিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শমীক ভট্টাচার্য: আরএসএস ঘনিষ্ঠ এবং বর্তমানে রাজ্য সভাপতি। দলের ভেতরে সবার কাছে গ্রহণযোগ্য এবং আড়ালে থেকে কাজ করা দক্ষ সংগঠক হিসেবে তিনি পরিচিত।
দিলীপ ঘোষ: বিজেপিকে বাংলায় প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানোর কারিগর। আরএসএসের একনিষ্ঠ কর্মী হিসেবে তার আগ্রাসী রাজনীতি মুখ্যমন্ত্রী দৌড়ে তাকে এগিয়ে রেখেছে।
বিজেপি কি শুভেন্দু বা দিলীপের মতো অভিজ্ঞ মুখকে বেছে নেবে, নাকি অগ্নিমিত্র বা রূপা গাঙ্গুলীর মতো কাউকে এনে নতুন চমক দেবে, তা এখন কেন্দ্রীয় হাইকম্যান্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দিল্লির পর বাংলাতেও নারী মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা এখন তুঙ্গে।
এসআর