যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে সম্প্রতি যে সাতটি দাবি করেছেন, সেগুলোকে সরাসরি 'মিথ্যা' বলে আখ্যায়িত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেন।
গালিবাফ মন্তব্য করেন যে, এই ধরণের অসত্য তথ্য ছড়িয়ে তারা অতীতে যুদ্ধেও জয়ী হতে পারেনি এবং বর্তমানে আলোচনাতেও কোনো সুফল পাবে না।
এর আগে শুক্রবার দিনের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রসঙ্গে বেশ কিছু ইতিবাচক ও চাঞ্চল্যকর দাবি করেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, ইরানের সাথে নতুন চুক্তির বিষয়ে বড় কোনো মতপার্থক্য নেই এবং আগামী রোববার এ বিষয়ে আলোচনা আরও এগোবে বলে তিনি আশাবাদী।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে রাজি হয়েছে। এছাড়া তিনি আরও উল্লেখ করেন যে, ইরান হরমুজ প্রণালি স্থায়ীভাবে খোলা রাখা এবং সমুদ্র থেকে মাইন সরিয়ে ফেলার বিষয়েও সম্মতি দিয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এসব দাবিকে উড়িয়ে দিয়ে গালিবাফ সাফ জানিয়ে দেন, অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত রুট ও অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব স্পর্শকাতর বিষয়ে নিয়ম নির্ধারিত হতে পারে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। ট্রাম্প যেখানে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছেন, সেখানে ইরানের এই শীর্ষ কর্মকর্তার এমন বিপরীতধর্মী অবস্থান দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা ও অবিশ্বাসের চিত্রই ফুটিয়ে তুলছে।
এসআর