চলমান যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এ সময়ের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতি পরিস্থিতির সঙ্গে সমন্বয় রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল অব্যাহত থাকবে। পূর্বনির্ধারিত রুট ও ইরানের বন্দর ও সামুদ্রিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেয়। এর প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে বিশ্বে তেল পরিবহনের অন্যতম প্রধান এই নৌপথে চলাচল সীমিত করে দেয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
এসআর