[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের শর্ত দিল ইরান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৬:১১ এএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব দিয়েছে ইরান। রাশিয়ার বার্তাসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে দেওয়া ১০ দফার শান্তি প্রস্তাবনায়

 ইরান শর্ত দিয়েছে যে, প্রতিদিন এই প্রণালি দিয়ে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে।

যুদ্ধ শুরুর আগে যেখানে গড়ে প্রতিদিন ১৪০টি জাহাজ চলত, সেখানে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এই ১৫টি জাহাজের চলাচলও সরাসরি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমোদন ও কঠোর প্রোটোকলের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

​জ্বালানি তেল ও বিভিন্ন পণ্য পরিবহণের গুরুত্বপূর্ণ এই রুটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের ফলে বর্তমানে অবরোধ বিরাজ করছে, যা বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, সেই সময়সীমার মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা এসব শর্ত নিয়ে আলোচনা করবেন।

ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পরিস্থিতির উন্নতির জন্য যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আঞ্চলিক দেশগুলোকেও এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর