পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান ভয়াবহ সামরিক সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান
জানিয়েছে রাশিয়া ও ইরান। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ১৩৩ আফগান সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সামরিক শক্তি প্রদর্শনের বদলে কূটনৈতিক উপায়ে এবং আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করতে উভয় পক্ষকে অনুরোধ করেছে ক্রেমলিন। রাশিয়া সতর্ক করেছে যে, এই উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকিতে ফেলতে পারে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করতে এবং গঠনমূলক সংলাপের পরিবেশ তৈরি করতে তেহরানের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অপারেশন গজব-লিল হক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৩টা ৪৫ মিনিট থেকে এই অপারেশন শুরু হয়েছে।
হামলার লক্ষ্যবস্তু: পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহারের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এতে আফগান বাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস হয়েছে।
ক্ষয়ক্ষতি: এখন পর্যন্ত ১৩৩ আফগান সেনার মৃত্যু এবং প্রায় ২০০ জন আহত হওয়ার খবর মিলেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর আফগানিস্তানের অতর্কিত হামলার জবাবে পাকিস্তান এই ব্যাপক সামরিক অভিযান শুরু করে। আফগানদের দাবি অনুযায়ী, তাদের হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনাও হতাহত হয়েছে। বর্তমানে দুই দেশের সীমান্ত এলাকায় চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।
এসআর
মন্তব্য করুন: