[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতীয় নৌবাহিনীর মহড়া

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৭ পিএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে আয়োজিত ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া মিলান ২০২৬ শেষ হয়েছে।

সপ্তাহব্যাপী এই মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের পাশাপাশি ২৯টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়। বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌবাহিনীর জাহাজও এতে যুক্ত ছিল বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।


‘ক্যামারাডারি, কো-অপারেশন, কোলাবোরেশন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ মহড়ার সমাপনী আয়োজন হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত–এর ডেকে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশাখাপত্তনম উপকূলের নিকটে।


ভারতীয় নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, এবারের আয়োজন পরিসর ও অংশগ্রহণের দিক থেকে ছিল উল্লেখযোগ্য। এর মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয়, আস্থা ও কার্যকর সহযোগিতা বৃদ্ধি।


মহড়ার প্রথম ধাপ ‘হারবার ফেজ’-এ দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সামুদ্রিক সেমিনার ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তী ‘সি ফেজ’-এ সমুদ্রভিত্তিক কৌশলগত অনুশীলন পরিচালিত হয়।

এতে আকাশ প্রতিরক্ষা সমন্বয়, সাবমেরিনবিরোধী কৌশল, সামুদ্রিক নিরাপত্তা অভিযান, যোগাযোগ মহড়া এবং ক্রস-ডেক ফ্লাইট অপারেশন অন্তর্ভুক্ত ছিল। লাইভ ফায়ারিং অনুশীলনে কামান ও আকাশ প্রতিরক্ষা অস্ত্র ব্যবহৃত হয়।


ভারতের পক্ষ থেকে আইএনএস বিক্রান্ত ছাড়াও বিশাখাপত্তনম-শ্রেণির ডেস্ট্রয়ার, নীলগিরি-শ্রেণির ফ্রিগেট এবং ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তার মহড়ায় অংশ নেয়।

অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী যৌথ পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন সমুদ্রাভিযান সফলভাবে সম্পন্ন করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর