[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

বেলুচিস্তানে গোয়েন্দা অভিযানে ৪১ জন নিহত, বিদেশি মদদের অভিযোগ পাকিস্তান সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চালানো পৃথক দুটি গোয়েন্দা-নির্ভর অভিযানে ৪১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

নিহতদের ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করেছে সংস্থাটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৯ জানুয়ারি প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষ্যবস্তু ছিল ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত দুটি সংগঠন, যেগুলোকে পাকিস্তান বিদেশি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করছে।

আইএসপিআরের তথ্যমতে, হরনাই জেলার আশপাশের এলাকায় চালানো এক অভিযানে তীব্র গোলাগুলির পর ৩০ জন সশস্ত্র সদস্য নিহত হয়। অভিযানের সময় তাদের ঘাঁটি ধ্বংস করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়।

অন্যদিকে, পাঞ্জগুর জেলায় পরিচালিত আরেকটি অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ১১ জন সদস্য নিহত হয়। সেনাবাহিনী জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুটের অর্থ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিরা অতীতের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও দাবি করা হয়।

আইএসপিআর আরও জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে আরও কোনো সশস্ত্র সদস্য লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম চলমান থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশটিতে সীমান্ত-সংলগ্ন অঞ্চলে সহিংসতার মাত্রা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশ এসব ঘটনার বেশি শিকার হয়েছে।

এর আগে, আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে প্রায় ৭৫ হাজারের বেশি গোয়েন্দা অভিযান চালানো হয়েছে। একই বছরে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রায় ২ হাজার ৬০০ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয় বলেও তিনি দাবি করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর