বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের পর্যটন ও ব্যবসা ভিসা (বি১/বি২) আবেদনে নতুন একটি আর্থিক শর্ত যুক্ত করা হচ্ছে।
আগামী ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সোমবার (১৯ জানুয়ারি) দূতাবাসের দেওয়া তথ্যে বলা হয়, ২১ জানুয়ারির পর যেসব আবেদনকারী বি১/বি২ ভিসায় অনুমোদন পাবেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকতে পারে।
তবে দূতাবাস স্পষ্ট করেছে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই নতুন শর্ত প্রযোজ্য হবে না।
এছাড়া ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ডের অর্থ পরিশোধ না করার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। আগাম অর্থ জমা দিলেও তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না বলে সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ লেনদেনকে প্রতারণার ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
দূতাবাস জানায়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা অর্থ ফেরতযোগ্য নয়।
তবে ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা হলে নির্ধারিত সময় শেষে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সরকারি ওয়েবসাইট দেখার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: