[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ইরানের বিক্ষোভে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ, ট্রাম্পকে ‘অপরাধী’ বললেন খামেনি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৬:০৭ পিএম

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে যুক্তরাষ্ট্র ও

 ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ‘অপরাধী’ হিসেবে আখ্যা দেন।


শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সক্রিয়ভাবে জড়িত। তার দাবি, বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়েছে, যার ফলে ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ঘটেছে।


খামেনির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংযুক্ত পক্ষগুলো সহিংস কর্মকাণ্ড চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং হাজারো মানুষের প্রাণহানির জন্য দায়ী।


ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক অস্থিরতার জন্য ক্রমশ বিদেশি শক্তিগুলোকেই দায়ী করছে। তাদের মতে, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এই বিক্ষোভ উসকে দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।


তবে খামেনি স্পষ্ট করে জানান, ইরান পরিস্থিতিকে সীমান্তের বাইরে যুদ্ধে রূপ দিতে চায় না। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশি বা আন্তর্জাতিক পর্যায়ের অপরাধীদের কোনোভাবেই শাস্তির বাইরে থাকতে দেওয়া হবে না।


এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান দিন দিন আরও কঠোর হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর