শৈশবেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে অনেক শিশু-কিশোর।
১০ বছর বয়সী সানজিদা আফরিন এর একটি উদাহরণ। মাত্র চার বছর বয়সে তার টাইপ-১ ডায়াবেটিস শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত ইনসুলিন গ্রহণ ও রক্তে শর্করা পরীক্ষা তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি জ্বরে আক্রান্ত হওয়ার পর শক সিনড্রোমে অসুস্থ হয়ে পড়ে সে। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসেন তার মা মুসলিমা খাতুন। প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে বারডেম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মুসলিমা খাতুন জানান, সানজিদার বাবা বিমানবাহিনীর প্রয়াত সদস্য। চার সন্তানকে নিয়ে সীমিত পেনশনের অর্থে সংসার চালাতে হয় তাকে। ইনসুলিন বিনামূল্যে পাওয়া গেলেও অন্যান্য পরীক্ষা ও চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। মেয়ের অসুস্থতার কারণে তার স্বাভাবিক জীবনেও পরিবর্তন এসেছে বলে জানান তিনি।
শুধু শিশু নয়, অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত তরুণদেরও দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। ২৬ বছর বয়সী রবিউল ইসলামের ২০১৮ সালে টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয়। বর্তমানে ওষুধ, চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষায় প্রতি মাসে তার প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা ব্যয় হচ্ছে। তার রক্তচাপ, চোখ ও হৃদ্যন্ত্রেও জটিলতা দেখা দিয়েছে। পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন হয়ে উঠেছে।
শিশুদের মধ্যে বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা
একসময় শিশুদের ডায়াবেটিস তুলনামূলক বিরল রোগ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে বাংলাদেশে শিশু-কিশোরদের মধ্যে টাইপ-১ ও টাইপ-২ উভয় ধরনের ডায়াবেটিস শনাক্ত হচ্ছে। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের নিয়মিত ইনসুলিন গ্রহণ এবং রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করতে হয়।
ঢাকা জেলার ২০ বছরের কম বয়সী শিশু-কিশোরদের নিয়ে পরিচালিত একটি গবেষণায় ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নতুন শনাক্ত হওয়া ৭২৫ জন ডায়াবেটিস রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ৪৮২ জন বা ৬৬ দশমিক ৫ শতাংশ টাইপ-১ এবং ২০৫ জন বা ২৮ দশমিক ৩ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। বাকি রোগীদের মধ্যে ১৪ জনের অগ্ন্যাশয়জনিত দীর্ঘস্থায়ী সমস্যার কারণে এবং ২৪ জনের অন্যান্য ধরনের ডায়াবেটিস শনাক্ত হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। মোট রোগীর ৪৩ দশমিক ৬ শতাংশ ছিল এই বয়সসীমার। অন্যদিকে, শিশু-কিশোরদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস শনাক্তের হারও বেড়েছে। ২০১১ সালে প্রতি লাখে এ হার ছিল শূন্য দশমিক ২২, যা ২০১৮ সালে বেড়ে শূন্য দশমিক ৫৭ হয়। এ ক্ষেত্রে বছরে গড়ে ১২ শতাংশ বৃদ্ধির প্রবণতা পাওয়া গেছে।
২০২৬ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত স্কুলগামী শিক্ষার্থীদের ওপর আরেকটি গবেষণায় ৩ হাজার ৩৪২ জনের তথ্য পর্যালোচনা করা হয়। এতে তিনজনের ডায়াবেটিস এবং ১৯ জনের প্রি-ডায়াবেটিস শনাক্ত হয়। শিক্ষার্থীদের মধ্যে ডায়াবেটিসের হার ছিল শূন্য দশমিক ০৯ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার শূন্য দশমিক ৫৬৯ শতাংশ। পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস ও স্থূলতার সঙ্গে রোগটির ঝুঁকির সম্পর্কও পাওয়া যায়।
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ২০ বছরের কম বয়সীদের সংখ্যা প্রায় ২৫ লাখ। তবে দেশে নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা ৭২ লাখ বলে জানিয়েছে সংগঠনটি।
কেন আক্রান্ত হচ্ছে শিশুরা
বিশেষজ্ঞদের মতে, টাইপ-১ ডায়াবেটিসে শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না। ফলে রক্তের গ্লুকোজ স্বাভাবিকভাবে কাজে লাগাতে শরীর সমস্যায় পড়ে। এ অবস্থায় ইনসুলিন গ্রহণ অপরিহার্য।
অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তার সম্পর্ক রয়েছে। অতিরিক্ত ফাস্টফুড, চর্বিযুক্ত খাবার ও চিনিযুক্ত পানীয় গ্রহণের পাশাপাশি খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের অভাব এ ঝুঁকি বাড়াতে পারে।
বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবিদ হাসান মোল্লা বলেন, শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিসের প্রকোপ বেশি। এ ধরনের রোগীর শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হওয়ায় বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। এটি ছাড়া রোগ নিয়ন্ত্রণের বিকল্প ব্যবস্থা নেই।
তিনি জানান, শিশুদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসও শনাক্ত হচ্ছে। অতিরিক্ত ওজন, ঘন ঘন প্রস্রাবসহ সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো প্রয়োজন। পাশাপাশি সুষম খাবার, নিয়মিত খেলাধুলা, হাঁটাচলা এবং স্বাস্থ্যকর জীবনযাপন এ রোগের ঝুঁকি কমাতে সহায়ক।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রোগটি সম্পর্কে জ্ঞান না থাকলে প্রতিরোধ ও চিকিৎসা দুটিই কঠিন হয়ে পড়ে। তরুণদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ার বিষয়টিও উদ্বেগজনক।
চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর উদ্যোগ
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগান সামনে রেখে রোগ শনাক্ত, চিকিৎসা ও জটিলতা প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ২০৩০ সালের মধ্যে কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে অন্তত ৮০ শতাংশ রোগীকে শনাক্তকরণের আওতায় আনা, একই সংখ্যক রোগীর রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা, ৪০ বছরের বেশি বয়সী ডায়াবেটিস রোগীদের ৬০ শতাংশের জন্য স্ট্যাটিন ব্যবহারের ব্যবস্থা এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শতভাগ রোগীর কাছে ইনসুলিন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
ডা. এ কে আজাদ খান জানান, এসব লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। দেশে প্রায় অর্ধেক ডায়াবেটিস রোগী এখনো শনাক্তকরণের বাইরে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বারডেম একাডেমির জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, শিশু ও তরুণ বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হলে দীর্ঘ সময় চিকিৎসা চালিয়ে যেতে হয়। একজন রোগীর পেছনে বছরে অন্তত এক হাজার মার্কিন ডলার ব্যয় হতে পারে। রোগজনিত জটিলতা বেশি থাকলে এই খরচ দ্বিগুণ পর্যন্ত পৌঁছায়।
তার মতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জটিলতা ও চিকিৎসার ব্যয় দুটোই কমানো সম্ভব। তাই শিশু-কিশোরদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী ডায়াবেটিস চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বিষয়।
এফ/ডি