দেশে হামের সংক্রমণের উদ্বেগের মধ্যেই শিশুদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে নিউমোনিয়া।
বিশেষজ্ঞদের অভিমত, যথাসময়ে টিকা দেওয়া, রোগের লক্ষণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব।
আজ ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। উন্নত টিকা, রোগ শনাক্তকরণ পদ্ধতি এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে নিউমোনিয়া প্রতিরোধ ও মৃত্যুহার কমানোর বিষয়ে সচেতনতা তৈরিই এবারের আয়োজনের মূল লক্ষ্য।
তবে দেশে এ রোগের চিকিৎসা নিশ্চিত করতে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এর ফলে অনেক শিশু প্রয়োজনীয় চিকিৎসা পেতে দেরি করছে।
হামের পর নিউমোনিয়ার আশঙ্কা কেন
চিকিৎসকদের ভাষ্য, হাম শিশুর স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থাকে দুর্বল করে দেয়। আক্রান্ত হওয়ার পর কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত এ প্রভাব থাকতে পারে। ফলে এ সময়ে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কা বাড়ে। শ্বাসতন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়লে নিউমোনিয়া দেখা দিতে পারে। এমনকি হামের ভাইরাস সরাসরিও ফুসফুসে সংক্রমণ ঘটাতে সক্ষম।
মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে ফুসফুসে প্রদাহ তৈরি হলে তাকে নিউমোনিয়া বলা হয়। হাম আক্রান্ত প্রত্যেক শিশুর নিউমোনিয়া হবে, বিষয়টি এমন নয়। তবে হাম-পরবর্তী সময়ে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ সময় নিউমোনিয়ায় আক্রান্ত হলে শিশুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে।
তার মতে, ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় সাধারণত উচ্চ জ্বর ও ঘন কফসহ কাশি দেখা যায়। অন্যদিকে ভাইরাসের সংক্রমণে জ্বরের পাশাপাশি সর্দি-কাশি হতে পারে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হামের পর এ রোগ দেখা দিলে গুরুতর জটিলতার আশঙ্কা থাকে। পাশাপাশি ডায়রিয়াসহ অন্যান্য শারীরিক সমস্যাও মৃত্যুঝুঁকি বাড়াতে পারে। হাম আক্রান্ত শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন 'এ' দেওয়া প্রয়োজন। এটি চোখের সুরক্ষার পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।
চিকিৎসা পাচ্ছে না আক্রান্ত শিশুদের বড় অংশ
নিউমোনিয়ার চিকিৎসা ও প্রতিরোধের ব্যবস্থা থাকলেও দেশের সব আক্রান্ত শিশু সেই সুবিধার আওতায় আসছে না। বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের প্রায় ৫২ শতাংশ চিকিৎসার বাইরে থাকছে।
এ ছাড়া দেশের প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা নেই। প্রায় এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহের বিকল্প ব্যবস্থাও অনুপস্থিত।
নিউমোনিয়ায় মৃত্যুর অন্যতম কারণ রক্তে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে হাইপক্সেমিয়া বলা হয়। দ্রুত এ সমস্যা শনাক্ত করে চিকিৎসা শুরু করা জরুরি। কিন্তু উপজেলা পর্যায়ের অনেক হাসপাতালে পর্যাপ্ত পালস অক্সিমিটার ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ খালেদ বিন ঈসমাইল জানান, প্রত্যন্ত এলাকা থেকে অনেক শিশুকে গুরুতর অবস্থায় ঢাকায় নিয়ে আসা হয়। উপজেলা থেকে জেলা এবং পরে বিভাগীয় পর্যায়ের হাসপাতালে স্থানান্তর করতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়।
তিনি বলেন, অনেক অভিভাবক শুরুতে জ্বর, সর্দি ও কাশির চিকিৎসার জন্য ফার্মেসি কিংবা স্থানীয় চিকিৎসকের কাছে যান। পরে শিশুর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে রক্তে অক্সিজেনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে নেমে যেতে পারে। উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অক্সিজেনের ব্যবস্থা থাকলে অনেক শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব।
শীত এলেই বাড়ে নিউমোনিয়ার প্রকোপ
শীতকালে নিউমোনিয়ার রোগীর সংখ্যা তুলনামূলক বেড়ে যায়। শিশুদের পাশাপাশি বয়স্করাও এ সময় বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফকির ওয়ালিদ শাহ জানান, ব্যাকটেরিয়া, ভাইরাস, যক্ষ্মার জীবাণু ও ছত্রাকের সংক্রমণ থেকে নিউমোনিয়া হতে পারে। শীত মৌসুমে এ রোগে আক্রান্তদের চাপ বাড়ে। এ সময় বহির্বিভাগে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। অন্য ঋতুতে এ সংখ্যা ৪০ থেকে ৫০ জনের মধ্যে থাকে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া জানান, প্রতিদিন বহির্বিভাগে গড়ে এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৫০ জনের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত থাকেন। রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছালে সেপসিসের মতো জটিলতা তৈরি হতে পারে। পরবর্তী সময়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা এআরডিএস দেখা দেওয়ার আশঙ্কাও থাকে, যা রোগীর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলে।
টিকা, পুষ্টি ও সচেতনতায় কমতে পারে মৃত্যু
বিশেষজ্ঞদের মতে, পাঁচ বছরের কম বয়সি শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকে। অপুষ্টি, বায়ুদূষণ, অতিরিক্ত জনবসতি এবং দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা এ ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। রান্নার ধোঁয়া ও ঘরের ভেতরের দূষিত বাতাসও শিশুদের ফুসফুসের জন্য ক্ষতিকর।
শিশুর জ্বর, সর্দি-কাশির পাশাপাশি দ্রুত শ্বাস নেওয়া নিউমোনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া, অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়া কিংবা ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যাওয়াকে বিপজ্জনক সংকেত হিসেবে বিবেচনা করতে হবে। অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নিচে নেমে গেলে জরুরি চিকিৎসা প্রয়োজন।
নিউমোনিয়া প্রতিরোধে শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় টিকাদান কর্মসূচিতে নিউমোকোক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি), হিব, হাম ও পার্টুসিসের টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া নির্ধারিত বয়সে হামের দুই ডোজ টিকা দেওয়া প্রয়োজন। প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হয় এবং নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, টিকাদান, পুষ্টি নিশ্চিত করা, দ্রুত রোগ শনাক্ত এবং উপজেলা পর্যায়ে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্প্রসারণ করা গেলে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এফ/ডি