দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে মোট ১ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জন মারা গেছেন।
গত এক দিনে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪১৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেশে হাম পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।
এফ/ডি