দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ১ হাজার ৪৩ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।
অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। এ নিয়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।
জনস্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসআর