দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে নয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৫ হাজার ৩৯৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে চারজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
ওই দিন নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন ছিলেন।
এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২২৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে নতুন রোগীদের মধ্যে বরিশালে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিটির উদ্বোধন করবেন।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না।
রোগের বিস্তার ঠেকাতে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
এ কাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এসআর