বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) অডিট আপত্তি এবং কেনাকাটায়
জালিয়াতির অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ১০টি অডিট আপত্তি চূড়ান্তভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীতি হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থায়ী কমিটির সভাপতি ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের সিএজি (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) রিপোর্ট নম্বর-৩৬/২০২৩-এর অধীন ২০২০-২০২১ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্টের অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর অডিট আপত্তি সংশ্লিষ্ট অর্থ দ্রুত আদায়ের নির্দেশ দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। একই সঙ্গে নিরীক্ষাকালীন দরপত্রের স্পেসিফিকেশন সঠিকভাবে বজায় ছিল কি না, তা সরেজমিনে যাচাই করতে স্থায়ী কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, মো. ফজলে হুদা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্টভুক্ত অনিষ্পন্ন অডিট আপত্তিগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জমা দেওয়া প্রয়োজনীয় প্রমাণক ও জবাব পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হয়। সিএজি কার্যালয়ের সুপারিশক্রমে দীর্ঘ পর্যালোচনার পর স্থায়ী কমিটি ওই ১০টি অডিট আপত্তি চূড়ান্তভাবে নিষ্পত্তি ঘোষণা করে। সংসদীয় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পিজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এসআর