দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
এর ফলে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। শুধু জুন মাসেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
এছাড়া একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং মে মাসে একজন মারা যান।
এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। অন্যদিকে আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ২ হাজার ২৪৪ জন নারী।
এসআর