সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ সময় ডেঙ্গু
আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ জন।
শনিবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
একই সময়ে ১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয়, চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ৭৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৩ শতাংশ।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রাণ হারান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।
এছাড়া ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন এবং ওই বছর হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
এসআর
মন্তব্য করুন: