আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা এবং সংশ্লিষ্ট কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির জন্য থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন প্রতিদিনের বাংলার জৈষ্ঠ্য প্রতিবেদক সাইদুর রহমান।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া গ্রামের সন্তান সাইদুর রহমান দীর্ঘদিন ধরে অর্থনীতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করছেন।
ব্যাংককে অবস্থানকালে তিনি আইএমএফ ও বিশ্বব্যাংকের বিভিন্ন অধিবেশন, সংবাদ সম্মেলন এবং সংশ্লিষ্ট কর্মসূচির খবর সংগ্রহ করবেন। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার গ্রহণ এবং প্রাসঙ্গিক সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করবেন।
আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়নসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। আন্তর্জাতিক অর্থনীতির গতিপ্রকৃতি, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন, জলবায়ু অর্থায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চ্যালেঞ্জসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ ধরনের সভায় আলোচনায় উঠে আসে।
বাংলাদেশের অর্থনীতি, আর্থিক খাত, উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে এসব আলোচনার গভীর সম্পর্ক রয়েছে। ফলে ব্যাংককে অনুষ্ঠিতব্য সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আলোচনা ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ বাংলাদেশের পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করবেন সাইদুর।
এর আগে সাইদুর রহমান ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের ২৯তম জলবায়ু সম্মেলন (কপ-২৯), ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-৩০) এবং কাতারে অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনে (CoSP11) অংশ নিয়ে সংবাদ কাভার করেছেন।
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলনে তাঁর এই অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পাঠকেরা আরও তথ্যভিত্তিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটসমৃদ্ধ সংবাদ পাবেন বলে আশা করা হচ্ছে।
এসআর