দীর্ঘ ১৬ বছর পর নিয়মিত অধ্যক্ষ পেতে যাচ্ছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
আজ শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধ্যক্ষ পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির সর্বশেষ অধ্যক্ষ হিসেবে ২০১০ সালে চুক্তিভিত্তিক নিয়োগ পান হোসনে আরা বেগম।
এরপর থেকে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কিংবা অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি।
ফলে ভর্তি বানিজ্য, নিয়োগ বানিজ্যসহ দলীয় লেজুড়বৃত্তির ফলে বারবার পত্রিকার শিরোনাম হতে হয়েছে দেশসেরা এ বিদ্যাপীঠকে।
নিয়মিত অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতার অভাব ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র জানায়, এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ছাড়াও দুইটি সহকারী প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে।
তবে এনটিআরসিএ’র মাধ্যমে এবার এসব পদে নিয়োগের লক্ষ্যে আজ শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রশাসনিক কাঠামো নিয়ে নানা অভিযোগ রয়েছে।
বিশেষ করে স্কুলের ১১টি শাখায় নিয়মিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ‘শাখা প্রধান’ পদ সৃষ্টি করে সহকারী প্রধান শিক্ষক পদগুলো দখলে রাখার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত নীতিমালা অনুসরণ না করে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম তার ঘনিষ্ঠদের এসব পদে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন।
এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা এবং নিয়োগে স্বচ্ছতার অভাব একটি প্রতিষ্ঠানের শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তাই দ্রুত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্থায়ী নিয়োগ সম্পন্ন করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।
এনটিআরসিএ’র মাধ্যমে চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হবে বলে আশা করছেন অভিভাবক ও সচেতন মহল।
এদিকে নানা জটিলতা কাটিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে।
নিয়োগ পরীক্ষা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী শনিবার (১৮ এপ্রিল) সকালে সরকারি বাংলা কলেজ, রেসিডেনসিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা দিয়ে শুরু হয়ে, চলে ১০টা পর্যন্ত। ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এনটিআরসিএ কার্যালয়ে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রসঙ্গত, এবারই প্রথম প্রতিষ্ঠান প্রধান পদে কেন্দ্রীয়ভাবে লিখিত পরীক্ষার আয়োজন করা হলো।
আগে এসব পদে নিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দেওয়া হতো, যেখানে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষকদের শূন্যপদে লিখিতভাবে নিয়োগ চূড়ান্ত করা হবে।
এসআর