নিউইয়র্ক থেকে: জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘Climate Action and the Just Transition’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জাতিসংঘের এ উচ্চপর্যায়ের আয়োজনের মূল লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা।
এসআর