[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

জলবায়ু ও পরিবেশ সংকটে বিশ্ব বড় ঝুঁকিতে: এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৭ এএম

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ইস্তাম্বুলে আয়োজিত ‘জেমরে ফাউন্ডেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


তার ভাষ্য অনুযায়ী, শিল্পকারখানার বর্জ্য, কীটনাশকের স্প্রে, যানবাহন ও কারখানার ধোঁয়া, তেল ও ওষুধজাত বর্জ্য, প্লাস্টিক সামগ্রী এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এসব দূষণের কারণে বায়ু, পানি ও মাটির স্বাভাবিক গুণাগুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


এরদোয়ান সতর্ক করে বলেন, অবহেলায় ফেলে দেওয়া একটি প্লাস্টিকের বোতল শত শত বছর পর্যন্ত প্রকৃতিতে থেকে দূষণ ছড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার প্রভাব হিসেবে বন্যা, ঘূর্ণিঝড় ও অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা বাড়ছে। এসব দুর্যোগ মানবজাতিসহ সমগ্র জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে।


তিনি আরও বলেন, জলবায়ু সংকট আর উপেক্ষা করার বিষয় নয়। পরিবেশ রক্ষায় রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি—সবাইকে একযোগে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


প্রেসিডেন্ট জানান, তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘জেমরে ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর