[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘সিন’, ছুটছে নতুন রেকর্ডের পথে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ১২:১১ পিএম

সংগৃহীত ছবি

বক্স অফিসে চলতি বছর রীতিমতো অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন দক্ষিণী তারকা সুরিয়া। ‘কারুপ্পু’

 ও ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর অভাবনীয় সাফল্যের পর এবার তার নতুন সিনেমা ‘সিন’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির ব্যবসার মাইলফলক স্পর্শ করে বক্স অফিসে নতুন দাপট দেখিয়েছে ছবিটি।

​গত ৬ নভেম্বর দীপাবলির ঠিক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিথু মাধবন পরিচালিত এই ক্রাইম কমেডি। সুরিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা ও সিনেমাটি ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহের সুবাদে প্রথম দিনেই ১৯ কোটি ১৫ লাখ রুপি আয় করে ‘সিন’। ছুটির দিন রোববার আয়ের অঙ্ক লাফিয়ে বেড়ে দাঁড়ায় ২৩ কোটি ৬৫ লাখ রুপিতে, যা এখন পর্যন্ত ছবিটির এক দিনে সর্বোচ্চ সংগ্রহ। দীপাবলির উৎসবের আমেজে সোমবারও ২১ কোটি ৪০ লাখ রুপি ঘরে তোলে ছবিটি এবং মুক্তির পর বুধবারেই ১০০ কোটির ক্লাবে নাম লেখায়।

​বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের সর্বশেষ তথ্যমতে, মুক্তির অষ্টম দিন অর্থাৎ শুক্রবার ছবিটির আয় কিছুটা কমে ৬ কোটি রুপিতে দাঁড়িয়েছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বনিম্ন। তবে প্রথম আট দিন শেষে ‘সিন’-এর মোট আয় পৌঁছেছে ১১৭ কোটি ৭০ লাখ রুপিতে।

​দ্বিতীয় সপ্তাহের শুরুতে সবার দৃষ্টি এখন ছবিটির পরবর্তী আয়ের দিকে। দ্বিতীয় সপ্তাহান্তে আয় বাড়িয়ে ১৫০ কোটি রুপির মাইলফলক পেরোতে পারে কি না, তা নিয়েই চলছে হিসাব-নিকাশ। পাশাপাশি সুরিয়ার আগের দুটি সফল সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর ১২২ কোটি ৫৪ লাখ এবং ‘কারুপ্পু’র ১৯৮ কোটি ১৮ লাখ রুপির মোট আয়ের রেকর্ড ভাঙার লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে ছবিটি।

​এই সিনেমায় ডিএসপি ইনবারাজ নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। ক্রমশ দৃষ্টিশক্তি হারানোর কারণে সক্রিয় দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হলেও একের পর এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মরিয়া হয়ে ওঠেন তিনি। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নজরিয়া নাজিম ও নাসলেন। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দর্শকদের চমক দিয়েছেন জ্যোতিকা।

​এদিকে ছবিটির সিক্যুয়েল নির্মাণের যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছেন পরিচালক জিথু মাধবন। মুক্তির পর নির্মাতা অ্যাটলি ও অভিনেতা মহেশ বাবুসহ দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।

এইচ/এম

সম্পর্কিত খবর