পর্দায় ‘রামায়ণ’ মহাকাব্যের নায়ক রামের সঙ্গী সীতা হলেও বাস্তব জীবনে নিজের জীবনসঙ্গী
কেমন চান দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী? সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সঞ্চালক অমিতাভ বচ্চনের প্রশ্নে নিজের পছন্দের জীবনসঙ্গীর কয়েকটি গুণের কথা তুলে ধরেন এ অভিনেত্রী।
দীপাবলি উপলক্ষে আয়োজিত বিশেষ পর্বে হাজির হয়েছিলেন আসন্ন ‘রামায়ণ’ সিনেমার তিন তারকা রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। সেখানেই অমিতাভ বচ্চন জানতে চান, সাই পল্লবী তার জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ দেখতে চান।
উত্তরে অভিনেত্রী জানান, সঙ্গীকে প্রথমেই একজন ভালো মানুষ হতে হবে। তবে শুধু ভালো মানুষ হওয়াই যথেষ্ট নয়, জীবনসঙ্গীর মধ্যে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকা জরুরি। তার চাওয়া গুণগুলো হলো:
ভালো মানুষ হওয়া: মানুষ হিসেবে সৎ ও ভালো মনের অধিকারী হতে হবে।
আত্মকেন্দ্রিক না হওয়া: নিজের স্বার্থের বাইরে এসে সঙ্গীর কথা ভাবার মানসিকতা থাকতে হবে।
আত্মসচেতনতা: নিজের কাজ, চিন্তাভাবনা ও আচরণ সম্পর্কে সচেতন থাকা জরুরি।
দায়িত্বশীলতা ও আত্মসমালোচনা: ভুল হলে তা স্বীকার করা, অন্যের ওপর দোষ না চাপিয়ে নিজের ভুল মেনে নেওয়া এবং সংশোধনের মানসিকতা থাকা প্রয়োজন।
রান্না জানা: তালিকার শেষে মজার ছলে তিনি জানান, মানুষ ভালো হওয়ার পাশাপাশি রান্না জানলে বিষয়টি আরও চমৎকার হয়।
সাই পল্লবীর মতে, সম্পর্কের ক্ষেত্রে আত্মসচেতনতা, দায়িত্বশীলতা ও পরস্পরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। দুজন মানুষই যদি নিজেদের আচরণ সম্পর্কে সচেতন থাকেন এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, তবে সম্পর্ক আরও সুন্দর ও সহজ হয়ে ওঠে।
এইচ/এম