ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রায়ই নানা কারণে সংবাদের শিরোনামে থাকেন।
অতীতে তার বিরুদ্ধে সহশিল্পীদের মারধর, প্রযোজকের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ ওঠার পর থেকেই ইন্ডাস্ট্রির একটি পক্ষ ও দর্শকদের অনেকেই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যার কিছুটা দৃষ্টান্ত মিলল অভিনেত্রীর সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।
শনিবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তানজিন তিশা জানান যে তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’ তবে এর বেশি কোনো তথ্য প্রকাশ না করে পোস্টটির মন্তব্যঘর বন্ধ রাখেন তিনি।
এরপর সংবাদমাধ্যমে তার গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার খবর প্রকাশ পায় এবং জানানো হয় যে তিনি মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার পথে এই বিপাকে পড়েন।
এর কিছুক্ষণ পর খোঁচা দিয়ে ও রসিকতা করে আরেকটি পোস্ট দেন তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’ এ বিষয়ে ঢাকা পোস্টের পক্ষ থেকে একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
স্বাভাবিকভাবেই তারকাদের এমন খবরের পর ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তানজিন তিশার রসিকতাপূর্ণ পোস্টে অনেক নেতিবাচক মন্তব্য দেখা গেলেও নেটিজেনরা ধরে নেন যে বড় কোনো ক্ষতির মুখে পড়েননি অভিনেত্রী, যা অনেকের মনে স্বস্তি আনে। তবে অভিনেত্রীর সামান্য ক্ষতি হলেও নেতিজেনদের একটি অংশ যে খুশি হতেন, সেই আলোচনাও ডালপালা মেলেছে।
এসআর