বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের দীর্ঘ সাত বছরের সম্পর্কের
বিচ্ছেদের পর দুজনেই নতুন জীবন শুরু করেছেন। রণবীর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভাটের সঙ্গে এবং ক্যাটরিনা ঘর বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। প্রাক্তনের সেই স্মৃতি পেছনে ফেলে এবার সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ একসঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।
সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটি কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে রেস্তোরাঁ থেকে বের হয়ে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ দেন তারা। পোজ দেওয়ার একপর্যায়ে পরিচালক সঞ্জয় লীলা বানসালি সরে যেতে চাইলে রণবীর তাকে ডেকে এনে আবার সঙ্গে দাঁড় করান। তবে ছবি তোলা শেষে সবাই বের হওয়ার সময় এক আলোকচিত্রী অনবরত ডাকতে থাকেন এবং আলিয়া ও ভিকির সঙ্গে ফের পোজ দেওয়ার অনুরোধ জানান। এতে বিরক্ত হয়ে পেছনে ফিরে ওই আলোকচিত্রীর উদ্দেশ্যে রণবীর বলে ওঠেন, ‘বড্ড বেশি কথা বলছিস তুই!’
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্ত ও নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে রণবীরের এই আচরণের সমালোচনা করলেও কেউ কেউ তারকাদের ব্যক্তিগত স্বাধীনতার দোহাই দিয়ে তার এই প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলছেন। তবে মেজাজ হারানোর পরপরই ভিড় এড়িয়ে স্ত্রী আলিয়া ভাটকে সযত্নে গাড়িতে তুলতে দেখা যায় রণবীরকে।
উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি একটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। এতে ভারতীয় বিমানবাহিনীর দুই কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল, যাদের কেন্দ্র করে আলিয়া ভাটের সাথে গড়ে উঠবে একটি ত্রিকোণ প্রেমের গল্প। সঞ্জয় লীলা বানসালি ও ইলা বেদ দত্তের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন সুপ্রিয়া পাঠক। সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসআর