সামাজিক মাধ্যমে আশি ও নব্বইয়ের দশকের স্টাইলে নিজেদের ছবি উপস্থাপনের ট্রেন্ড
চলাকালে কোনো প্রযুক্তি ছাড়াই বাস্তব রূপ দিলেন চিত্রনায়িকা পরীমনি। ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যের চুলের ছাঁটে পরিবর্তন এনে তাকে নব্বই দশকের আদলে সাজিয়ে তুলেছেন তিনি। নীল টি-শার্ট ও লম্বাটে চুলের বিন্যাসে ছেলের ৩টি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, "আমার নব্বই দশকের আসল নায়ক।"
ছোট্ট পূণ্যের এই নতুন অবতার দেখে নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে প্রশংসার পাশাপাশি অনেকে পূণ্যের সঙ্গে তার বাবা শরিফুল রাজের চেহারার মিল খুঁজে পেয়েছেন।
চিত্রনায়ক শরিফুল রাজের সাথে বিচ্ছেদের পর থেকে দুই সন্তান—ছেলে পূণ্য এবং পরবর্তীতে দত্তক নেওয়া কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে একাই বড় করছেন পরীমনি। সম্প্রতি তার কোলে নতুন একটি সদ্যোজাত শিশুকে দেখা গেলে, পরীমনি আবারও সন্তান দত্তক নিয়েছেন বলে ভক্তদের মাঝে ধারণা তৈরি হয়।
এসআর