দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে ফিরছেন চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে তার নতুন এই একক গানের
শিরোনাম ‘লোকে বলে’। আগামী ২৬ মে এসভিএফ এবং ব্লিং মিউজিক–এর ব্যানারে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নুসরাত ফারিয়া নিজেই এই নতুন গানের ঘোষণা দেন। ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়ে তিনি উল্লেখ করেন, এই গানটির মাধ্যমে এবারের ঈদ উদযাপন আরও বিশেষ হতে যাচ্ছে। ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং এর আকর্ষণীয় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।
উপস্থাপনা ও অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীতজগতে পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর বিভিন্ন সময়ে তার গান নিয়ে আলোচনা-সমালোচনা হলেও এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের পঞ্চম একক গান। এর আগে ২০২৪ সালে তার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। বর্তমানে গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই তারকা, যার অংশ হিসেবে সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে পারফর্ম করে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এসআর