টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত গত বছরই প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করেন।
পহেলা বৈশাখে অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে তিনি চালু করেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘হোয়াই সো সিরিয়াস’। শুরুতে ছোট পরিসরের কাজ করলেও এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে হাত দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, এই নতুন সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সময়ের আলোচিত তারকা শুভশ্রী গাঙ্গুলি। পাশাপাশি যিশু সেনগুপ্ত নিজেও এই সিনেমায় অভিনয় করতে পারেন বলে আলোচনা চলছে।
প্রস্তাবটি নিয়ে নাকি ইতিবাচকভাবে ভাবছেন প্রসেনজিৎ। সব কিছু চূড়ান্ত হলে এই প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যেতে পারে প্রসেনজিৎ, শুভশ্রী ও যিশুকে—যা টালিউডের জন্য নিঃসন্দেহে বড় আকর্ষণ হয়ে উঠবে।
উল্লেখ্য, সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমন সময় তার সঙ্গে শুভশ্রী ও যিশুর একত্র হওয়া কলকাতার চলচ্চিত্র অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এদিকে সিনেমাটির পরিচালকের নাম নিয়েও গুঞ্জন চলছে। একটি সূত্রের দাবি, পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তার পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রীর অভিনয় গত বছর প্রশংসিত হয়েছিল। যদিও এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সব পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই সিনেমাটির কাজ শুরু হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের জুন মাসে শুভশ্রীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আলোচনা করতে দেখা গেলেও তখন এই প্রকল্পের বিষয়টি প্রকাশ্যে আসেনি।
এসআর
মন্তব্য করুন: