টালিউডের টেকনিশিয়ান ফেডারেশন ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মধ্যকার বিরোধ এখন আর শুধু পেশাগত দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই।
বিষয়টি গড়িয়ে গেছে ব্যক্তিগত সম্মান, যুক্তি ও নৈতিক অবস্থানের প্রশ্নে। এই পরিস্থিতিতে সহকর্মী ও ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতারা মধ্যস্থতার চেষ্টা চালালেও নিজের অবস্থান থেকে সরেননি অনির্বাণ।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ স্পষ্ট করে জানান, তার হয়ে অন্য কেউ যেন ক্ষমা না চান। দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও ক্ষমা চাওয়ার বিষয়টিকে তিনি নীতিগতভাবে গ্রহণ করতে পারছেন না বলে জানান।
অনির্বাণ বলেন, ভালোবাসা ও শুভেচ্ছা থেকেই সহকর্মীরা তার পাশে দাঁড়িয়েছেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তবে ক্ষমা চাওয়ার অর্থ অন্যায় স্বীকার করা—এমনটাই তার বিশ্বাস। নিজের বক্তব্যে তিনি বলেন, ভুল করলে ক্ষমা চাইতে তার কোনো দ্বিধা নেই, কিন্তু আগে সেই ভুল কোথায় হয়েছে, তা যুক্তিসংগতভাবে বোঝানো প্রয়োজন।
তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে এবং সে আলোচনায় তিনি অংশ নিতেও প্রস্তুত। কিন্তু কোনো অন্যায় প্রমাণিত না হলে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, গত বছরের একটি ঘটনার পর থেকেই টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অনির্বাণের সম্পর্কের অবনতি ঘটে। চলতি বছরের জানুয়ারিতে এক বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে দেব অনির্বাণের হয়ে ক্ষমা চাওয়ার কথা জানান এবং বিষয়টি ঊর্ধ্বতন মহলের নজরে আনার অনুরোধ করেন।
তবে এই উদ্যোগকে সম্মান জানালেও নিজের নীতিগত অবস্থান থেকে একচুলও সরেননি অনির্বাণ। তার ভাষায়, সম্মান ও যুক্তির প্রশ্নে কোনো আপস নেই।
এসআর
মন্তব্য করুন: