বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিনে নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার সিদ্ধান্ত নেওয়ায় বেশ কয়েকটি ছবিতে জটিলতা তৈরি হয় দীপিকার সঙ্গে নির্মাতাদের। এই কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহুল আলোচিত ছবি ‘স্পিরিট’ থেকে তাকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে ওই ছবিতে তার জায়গায় অভিনয়ের সুযোগ পান তৃপ্তি দিমরী।
একই ধরনের জটিলতা এবার তৈরি হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল ঘিরে। প্রথম পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকার উপস্থিতি দর্শকদের প্রশংসা পেলেও, নতুন গুঞ্জন বলছে—পরবর্তী পর্বে তাকে আর দেখা নাও যেতে পারে। তার পরিবর্তে সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে দক্ষিণী তারকা সাই পল্লবীর নাম।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের দাবি, শুটিংয়ের সময়সূচি ও কাজের পদ্ধতি নিয়ে মতানৈক্যের কারণেই এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে নির্মাতারা। জানা গেছে, সিকুয়েলের জন্য দীপিকা ইতোমধ্যে প্রায় ২০ দিনের শুটিং শেষ করেছিলেন। তবে কাজ চলাকালীন পারিশ্রমিক পুনর্নির্ধারণ ও দৈনিক কাজের সময় সীমা নিয়ে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়।
সূত্র জানায়, দীপিকা দিনে সর্বোচ্চ ৭ থেকে ৮ ঘণ্টা কাজ করার পাশাপাশি পারিশ্রমিক প্রায় ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেন। এই শর্তগুলো মেনে নিতে না পারায় শেষ পর্যন্ত নির্মাতারা তাকে প্রকল্প থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে গল্পের দিক থেকেও নানা জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন, সিকুয়েলে দীপিকার চরিত্রের পরিণতি দেখানো হতে পারে ভিন্নভাবে। আবার অনেকে বলছেন, সাই পল্লবী একেবারে নতুন চরিত্রে ছবিতে যুক্ত হতে পারেন।
প্রথম দিকে এই চরিত্রের জন্য আলিয়া ভট্টের নাম শোনা গেলেও বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন সাই পল্লবীই। যদিও এখন পর্যন্ত নির্মাতা কিংবা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সব মিলিয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে চূড়ান্তভাবে কাকে দেখা যাবে—সেই সিদ্ধান্ত জানার অপেক্ষায় দর্শকরা।
এসআর
মন্তব্য করুন: