গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)।
প্রাপ্ত এই নিবন্ধনের মেয়াদ আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের কেন্দ্রীয় ও প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে বিএফএফএসের সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হলো।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আন্তর্জাতিক পরিসরেও যুক্ত রয়েছে। সংগঠনটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সদস্য হিসেবে তালিকাভুক্ত এবং বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এর সঙ্গে যুক্ত চলচ্চিত্র সংসদের সংখ্যা ৫০টিরও বেশি।
চলতি বছরের ১০ মে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫-এর মাধ্যমে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ নূরউল্লাহ।
উল্লেখযোগ্য যে, এই অঞ্চলে প্রায় ছয় দশকের পুরোনো চলচ্চিত্র সংসদ আন্দোলন নানা প্রতিবন্ধকতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে গতি হারিয়েছিল। সরকারি নিবন্ধনের মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় চলচ্চিত্র অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র সংসদকর্মীদের মতে, এই স্বীকৃতি ভবিষ্যতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন, বিকল্প ধারার চলচ্চিত্র প্রদর্শন এবং শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র চর্চাকে নতুন করে সক্রিয় করতে সহায়ক ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: