ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি শাড়ি পরা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি ভক্তদের নিয়ে গেছেন নস্টালজিয়ার ভুবনে।
ছবিগুলোর মাধ্যমে ফুটে উঠেছে মায়ের শাড়ির সঙ্গে তার গভীর আবেগ আর শৈশবের স্মৃতি।
পোস্টের ক্যাপশনে ফারিণ লিখেছেন, প্রতিটি মেয়ের শাড়ির প্রতি ভালোবাসার শুরুটা হয় মাকে দেখেই। ছোটবেলায় মায়ের আলমারিতে সাজানো শাড়িগুলো দেখেই তার মনে হতো—কবে তিনি বড় হবেন, কবে বড়দের মতো শাড়ি পরে কোনো দাওয়াতে যাবেন। সেই ছোটবেলার কৌতূহল ও ভালোবাসা আজও তার ভেতরে বেঁচে আছে বলে জানান অভিনেত্রী।
মায়ের সঙ্গে শাড়ি নিয়ে এক বিশেষ সম্পর্কের কথাও শেয়ার করেন ফারিণ। তিনি জানান, এখনো মা নতুন শাড়ি কিনলে প্রথমে তা পরার সুযোগ পান তিনিই। এমনকি মায়ের কেনা কিছু শাড়ি আছে, যেগুলো মা নিজে কখনো পরেননি—সেগুলো ফারিণ নিজের কাছে আগলে রেখেছেন।
ফারিণের কাছে নামী ব্র্যান্ডের পোশাকের চেয়েও মায়ের আলমারিতে থাকা শাড়িগুলো অনেক বেশি মূল্যবান।
তার মতে, মায়েরা নীরবে এভাবেই সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। অনেক শাড়ি হয়তো মা ইচ্ছে করেই মেয়ের জন্য কিনে তুলে রাখেন—এমন অনুভূতির কথাও তুলে ধরেন তিনি।
অভিনেত্রীর এই আবেগঘন পোস্টে দারুণ সাড়া মিলেছে ভক্তদের কাছ থেকে। মন্তব্যে অনেকেই নিজের শৈশব, মা ও শাড়ি ঘিরে স্মৃতির মিল খুঁজে পেয়েছেন।
এসআর
মন্তব্য করুন: