[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৬:৫০ এএম

সংগৃহীত ছবি

শিক্ষকদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার।

রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সেই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। তবে ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে শনিবার (১৮ অক্টোবর) রাতে শিক্ষকরা রাজধানীর শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করার কথা থাকলেও তা পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ করা হয়েছে।

গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পরের দিন (১৩ অক্টোবর) থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা।

সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা এলেও শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।

এসআর

সম্পর্কিত খবর