[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে চলছে এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ৫:৪৩ এএম

সংগৃহীত ছবি

সারা দেশে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে এসে নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় একটি নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”

প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “এ পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।”

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। যা গতবারের তুলনায় ৮১ হাজার কম। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম।

এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ওই পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

এসআর

সম্পর্কিত খবর