২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়। রুটিনে স্বাক্ষর করেছেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের আয়োজন। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
অন্য বিষয়গুলোর পরীক্ষাও নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
পরীক্ষা প্রতিদিন দুই পালায় নেওয়া হবে। প্রথম পালা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় পালা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পরীক্ষায় অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
এদিকে, গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হয়। এ প্রক্রিয়ায় চার লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।
বিষয়ভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ইংরেজি। এ বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে আইসিটিতে, যেখানে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন।
অন্যদিকে, রসায়ন বিষয়ে ফরম পূরণ করেছেন ২৭ হাজার ৪৬৬ জন। এ তিনটি বিষয়ের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে সীমিতসংখ্যক শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন।
এফ/ডি