[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

বাসের ভাড়া দিলেও সুবিধা পান না সোহরাওয়ার্দী কলেজের ৯৮% শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ১১:৪৯ এএম

সংগৃহীত ছবি

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১২ হাজার শিক্ষার্থীর একটি বড় অংশ পরিবহন ফি

 বাবদ নিয়মিত অর্থ পরিশোধ করলেও বাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কলেজের নিজস্ব কোনো বাস না থাকায় ভাড়ায় চালিত মাত্র দুটি বাসের ওপর ভরসা করতে হচ্ছে শিক্ষার্থীদের, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে ফি দিয়েও বাস্তবে মাত্র ১ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী এই পরিবহন সুবিধা ভোগ করছেন।

​কলেজের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার। শিক্ষার্থীপ্রতি বার্ষিক ৬০০ টাকা হারে বাস ভাড়া আদায় করা হয়, যেখান থেকে বছরে মোট আয় হয় প্রায় ৭২ লাখ টাকা।

​বঞ্চিত শিক্ষার্থীরা ও নামমাত্র সেবা

কলেজের ভাড়ায় চালিত দুটি বাসে মোট আসন সংখ্যা ১৫০টি। হিসাব অনুযায়ী, মাত্র ১ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী বাসে বসার সুযোগ পান এবং বাকি প্রায় ৯৮ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী কোনো সেবা না পেয়েও বাধ্যতামূলকভাবে পরিবহন ফি দিতে বাধ্য হচ্ছেন।

​বাস পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, দুটি ভাড়ায় চালিত বাসের জন্য দৈনিক চুক্তিভিত্তিক ভাড়া বাবদ খরচ হয় ২২ হাজার টাকা (তেলের দাম বাড়ার পর যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে)। বছরে সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে গড়ে ১৮৫ থেকে ১৯০ দিন ক্লাস-পরীক্ষা হয়। সে হিসাবে শুধু বাস ভাড়ার পেছনে বছরে ব্যয় হয় ৪০ লাখ ৭০ হাজার থেকে ৪১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া শিক্ষার্থীদের টাকায় কেনা একটি মাইক্রোবাসের রক্ষণাবেক্ষণ, চালকের বেতন ও জ্বালানি খরচও এই তহবিল থেকে মেটানো হয়। এর পরও তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকার কথা থাকলেও পরিবহনসেবা বাড়াতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

​শিক্ষার্থীদের ক্ষোভ ও অভিযোগ

পরিবহন সংকট ও বৈষম্যের শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সাবরিন বৃন্ত বলেন, ভাড়ার টাকা দেওয়ার পরও আশানুরূপ বাসসুবিধা মিলছে না। ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাবিলা ওহাব জানান, অনলাইন পোলে মিরপুর রুটের চাহিদা বেশি থাকার কথা উঠে এলেও প্রশাসন সে অনুযায়ী কোনো বাস চালু করেনি। এছাড়া হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান জানান, বাড্ডা রুটে গাদাগাদি করে যাতায়াত করতে হয় এবং অনার্স ও ইন্টারমিডিয়েটের ক্লাস সময়সূচি সমন্বয় না থাকায় অনেকে সুবিধা থেকে বঞ্চিত হন।

​কর্তৃপক্ষের বক্তব্য

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে বাস পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে বাস পরিচালনা কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলার জন্য।

​বাস পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী ওয়াহেদ বলেন, শিক্ষার্থীরা সুনির্দিষ্টভাবে দাবি জানালে এবং প্রশাসনের অনুমোদন ও পর্যাপ্ত তহবিল থাকলে বাস বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

​কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর দুটি রুটে দুটি বাস চালু করেছেন। মাইক্রোবাসের রক্ষণাবেক্ষণ ও বাস ভাড়াসহ বিভিন্ন নিয়মিত ব্যয় রয়েছে। ফান্ডে দুটি বাস কেনার মতো অর্থ থাকলেও দীর্ঘমেয়াদে তা পরিচালনা করা সম্ভব কি না, তা ভেবে দেখতে হবে। তবে ফান্ডে পর্যাপ্ত অর্থ সাপেক্ষে বাস বাড়ানোর বিষয়টি বাস পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

এইচ/এম

সম্পর্কিত খবর