ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মো. আমানুল্লাহ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন
বুধবার (১১ নভেম্বর) কালবেলাকে দেওয়া বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন আমানুল্লাহ। তিনি দাবি করেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
আমানুল্লাহর ভাষ্য অনুযায়ী, ১০ নভেম্বর সকাল ৯টায় তিনি নিয়মিতভাবে অফিসে উপস্থিত হন। পরে এস্টেট ম্যানেজার ফাতিমা বিনতে মোস্তফার নির্দেশে সহকারী এস্টেট ম্যানেজার আব্দুর রহিম, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান ও পিয়ন সুজনকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতাসংক্রান্ত তথ্য সংগ্রহে বের হন।
তিনি জানান, দায়িত্বের অংশ হিসেবে প্রথমে ইন্টারন্যাশনাল হল ও প্রভোস্ট কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর বিজনেস ফ্যাকাল্টি, কলাভবন, ডাকসু, মধুর ক্যান্টিন, শাহবাগ, দোয়েল চত্বর, কার্জন হল, মল চত্বর ও মুকাররম ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যান। যেসব স্থানে ময়লা-আবর্জনা ছিল, সেগুলোর ছবি তোলার পাশাপাশি খাতায় প্রয়োজনীয় তথ্য লিখে রাখেন। তাঁর দাবি, এসব কাজ শেষ করে দুপুর ১টা ১০ মিনিটে অফিসে ফেরেন।
পরে দুপুর ১টা ২০ মিনিটে দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় নিজের বাসায় যান বলে জানান তিনি। তাঁর বাসায় প্রবেশের সময় আবাসিক এলাকার সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে বলেও দাবি করেন আমানুল্লাহ।
তিনি আরও বলেন, দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মনির ফোন করে তাঁকে অফিসে যেতে বলেন। ফোন পাওয়ার পর ২টা ৫০ মিনিটে বাসা থেকে বের হয়ে অফিসে পৌঁছান। এরপর ওই কর্মকর্তার দাপ্তরিক প্রয়োজনে তাঁর সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডে যান। সেখান থেকে বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসে ফিরে আসেন।
অফিসে ফেরার পর এস্টেট ম্যানেজারের ফোন পেয়ে উপাচার্যের কার্যালয়ে যান বলে জানান আমানুল্লাহ। সেখানে শিবিরের নেতাকর্মীদের আন্দোলন করতে দেখে বিব্রতকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ছেড়ে চলে যান বলে তাঁর দাবি।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে আমানুল্লাহ বলেন, তিনি কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেননি, কাউকে সহায়তাও করেননি। এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলেও দাবি করেন তিনি।
তাঁর মতে, কোনো ব্যক্তির নির্দিষ্ট স্থানে উপস্থিতি একাই অপরাধে জড়িত থাকার প্রমাণ হতে পারে না। এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য, সাক্ষ্য ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করা উচিত।
নিজের বক্তব্য যাচাইয়ের জন্য ওই দিন সঙ্গে থাকা তিন সহকর্মী আব্দুর রহিম, মোস্তাফিজুর রহমান ও সুজনের সাক্ষ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি নিরাপত্তা কর্মকর্তা মনিরের বক্তব্য, দাপ্তরিক নথি, ফোনকলের তথ্য এবং দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার অনুরোধ করেছেন।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়ে আমানুল্লাহ বলেন, তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা তাঁকে জানানো হোক। নিরপেক্ষ তদন্তে অভিযোগের সত্যতা না মিললে তাঁকে দায়মুক্তি দেওয়ার পাশাপাশি চাকরির বিষয়ে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।
আমানুল্লাহ আরও বলেন, তাঁর দীর্ঘদিনের কর্মজীবনের সুনাম, সামাজিক অবস্থান এবং পরিবারের জীবিকা চাকরির সঙ্গে জড়িত। তাই কোনো পূর্বধারণা বা পক্ষপাতের ভিত্তিতে নয়, বরং প্রমাণের আলোকে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন স্যানিটারি সুপারভাইজার মো. আমানুল্লাহ। বরখাস্তের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি এ বক্তব্য দেন।
এফ/ডি