ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে স্থানীয় শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এ বিধান যুক্ত করা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে এ নিয়ম কার্যকর হবে। এমনকি একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেও স্থানীয় এলাকার জন্য নির্ধারিত ৮০ শতাংশ আসনের বিধান প্রযোজ্য হবে।
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা নির্ধারণের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক। এ কাজে তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহযোগিতা নিতে পারবেন। একাধিক বিদ্যালয়ের নির্ধারিত এলাকার মধ্যে বিরোধ বা সমন্বয়হীনতা দেখা দিলে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। সেখানেও সমাধান না হলে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা যাবে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
নীতিমালা অনুসারে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেই এলাকাকেই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচনা করা হবে। এ কারণে আবেদনের সময় শিক্ষার্থীর বর্তমান ঠিকানাকে গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিদ্যালয়গুলোকে নিজ নিজ ক্যাচমেন্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। বিশেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে।
নতুন নীতিমালার ফলে ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোতে স্থানীয় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়বে। একই সঙ্গে নির্ধারিত ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীদের জন্যও আবেদন করার সুযোগ থাকছে।
এফ/ডি