আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট ও ভিড় কমাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা (৮:৩০) থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার উল্লেখ করেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানো। তবে পরীক্ষার কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নিয়ম অপরিবর্তিত থাকবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে বোর্ড একটি কন্ট্রোল রুমও চালু করেছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য নির্দিষ্ট ফোন নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন সময়সূচি পরীক্ষার্থীদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে।
এসআর