যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অনুষদের বিভিন্ন কক্ষে ধারাবাহিকভাবে একাধিক রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব।
এছাড়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন, সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিমসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশ নেয়, যা আয়োজনটিকে জাতীয় পর্যায়ে ব্যাপকতা দিয়েছে।
সংগঠনের সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিম বলেন, এটি সিওইউডিএসের প্রথম জাতীয় বিতর্ক আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা কুমিল্লায় এসে যোগ দিয়েছেন—তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি সফল আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এক যুগ পূর্তি উপলক্ষে দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তবায়ন হিসেবে এ জাতীয় উৎসব আয়োজন করা হয়েছে।
তিনি জানান, গত ১১ এপ্রিল স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এবং আজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হলো।
তিনি আরও বলেন, আগামী ১৮ এপ্রিল দেশের খ্যাতনামা বিচারকদের উপস্থিতিতে প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন বলেন, প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে তারা আনন্দিত এবং সকলের সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে শেষ হবে বলে আশাবাদী।
উল্লেখ্য, শনিবার (১৮ এপ্রিল) ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জাতীয় বিতর্ক উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
এসআর