ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদল নবাগত শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসিক সিট বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সংগঠনটির নেতারা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বরাবর দুই দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস ১২ এপ্রিল থেকে শুরু হলেও এখনো তাদের অনেকের আবাসিক সিট নিশ্চিত হয়নি। প্রতি বছরই সিট বরাদ্দে দেরির কারণে সমস্যা তৈরি হয়, যা দীর্ঘদিন ধরে একটি প্রাতিষ্ঠানিক সংকট হিসেবে রয়ে গেছে বলে দাবি করা হয়।
এতে আরও বলা হয়, অতীতে এ ধরনের বিলম্বের কারণে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতির মতো অস্বাস্থ্যকর ও বৈষম্যমূলক পরিবেশ তৈরি হয়েছিল, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।
ছাত্রদল নেতারা বলেন, একটি স্বচ্ছ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হলে আবাসন ব্যবস্থায় জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তাদের মতে, সিট বরাদ্দে দেরির কারণে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েন এবং অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বাইরে থাকতে বাধ্য হন।
স্মারকলিপিতে আবাসনকে শিক্ষার্থীদের অধিকার হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি কোনো অনুগ্রহ নয় বরং ন্যায্য প্রাপ্য।
এ প্রেক্ষিতে দুই দফা দাবি জানানো হয়—নবাগত শিক্ষার্থীদের দ্রুত সিট বরাদ্দ নিশ্চিত করা এবং পুরো সিট বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমতা ও জবাবদিহিতা বজায় রাখা।
এসআর