[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ৬:৫৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী উৎসবমুখর আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।


শোভাযাত্রার পরপরই শুরু হয় বৈশাখী উৎসবের অন্যান্য আয়োজন। সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়, যেখানে মোরগ লড়াই ও মিউজিক্যাল চেয়ারের মতো খেলায় ব্যাপক সাড়া পড়ে।


দুপুর থেকে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।


এছাড়া বিভিন্ন বিভাগের উদ্যোগে পিঠাপুলির স্টল বসানো হয়, যেখানে পাটিসাপটা, চিতই, দুধচিটা, মালপোয়ার মতো ঐতিহ্যবাহী খাবার দর্শনার্থীদের আকৃষ্ট করে।


উপাচার্য তার বক্তব্যে বাংলা নববর্ষকে বাঙালির ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে এমন আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


প্রক্টরও আয়োজকদের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীরা যেন একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারে—এটাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

এসআর

সম্পর্কিত খবর