কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ইউসুফ মিয়া এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি মাহমুদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সাংবাদিক ও শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং তাদের সফল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসই ভালো ফলাফলের মূল চাবিকাঠি।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, আগের বছরের মতো এবারও বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করবে এবং অধিক সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাবে।
একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা হাফিজুল হকের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ৭১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর মধ্যে মানবিক বিভাগে ৪৩ জন, বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন শিক্ষার্থী রয়েছে
এসআর