ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৯৫টি কক্ষে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ হাজার ৭৭৯ জন।
এতে উপস্থিতির হার দাঁড়ায় ৮৮.৫৩ শতাংশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
একই সময়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী ক্যাম্পাসের প্রধান ফটকে স্থাপিত বিভিন্ন ছাত্র সংগঠনের সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপাচার্য বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে প্রো-উপাচার্য, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে উপাচার্য জানান, সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার সন্তোষজনক এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিস্তারিত বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের টহল জোরদারের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এছাড়া প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা সার্বিক সহায়তায় নিয়োজিত ছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্যসেবা কর্নার চালু রাখা হয়। পাশাপাশি প্রধান ফটকের আশপাশে বিভিন্ন ছাত্র সংগঠনের স্টল থেকেও পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা প্রদান করা হয়।
এসআর