বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত এক পরীক্ষার্থীর হামলায় বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফ আহত হয়েছেন।
পরে অভিযুক্ত ওই পরীক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ, তার রোল নম্বর ১৯৯৮৬০।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ন্ত্রণ কক্ষে নেওয়ার সময় সে উত্তেজিত হয়ে দায়িত্বরত স্টাফদের ওপর হামলা চালায় এবং পালানোর চেষ্টা করে।
আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান জানান, বহিষ্কারের পর ওই পরীক্ষার্থী প্রথমে আশপাশের লোকজনের ওপর আক্রমণ করে। তাকে থামাতে গেলে তিনিও হামলার শিকার হন। এতে তার মুখমণ্ডলে আঘাত লাগে এবং রক্তপাত হয়।
বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, পরীক্ষায় অনিয়মের কারণে বহিষ্কৃত এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টাফকে মারধর করেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক জানান, নিয়ম ভঙ্গের কারণে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর সে চারজন স্টাফকে আহত করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর