[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ৮:৫৫ এএম

সাময়িক বরখাস্ত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে আপত্তিকর একটি পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা হলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশোভন ও অনাকাঙ্ক্ষিত পোস্ট শেয়ার করার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে, যা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও আচরণবিধির পরিপন্থি।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সামাজিক মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ কারণে তাকে সাময়িকভাবে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


একই সঙ্গে কেন তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান জানান, ঘটনাটি নজরে আসার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, একজন বিশ্ববিদ্যালয় কর্মীর কাছ থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।


অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি জানান, অসাবধানতাবশত একটি পোস্টে প্রতিক্রিয়া দেওয়ার ফলে বিষয়টি ছড়িয়ে পড়ে, যা পরে বুঝতে পেরে তিনি তা সরিয়ে নেন। ভবিষ্যতে এ ধরনের ভুল না করার প্রতিশ্রুতিও দেন

এসআর

সম্পর্কিত খবর